দেশের বিভিন্নস্থানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছে জামায়াত। একই সঙ্গে ঢাকা ও নরসিংদীর দুটি ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই আহবান জানান। তিনি বলেন, ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ঢাকার হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার জান্নাত নামে ৬ বছরের এক শিশু এবং নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনা আইনের শাসনের ওপর চরম আঘাত।
তিনি বলেন, আমি নিহত শিশু ও কিশোরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকরা যে দলেরই হোক, তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।
জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
ঢাকা ও নরসিংদীর ঘটনা আইনের শাসনের ওপর চরম আঘাত
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ৭ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
