ভারতীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা ঘিরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে এখন আনন্দ- উল্লাস ও উদযাপন চলছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মেন্দ্রর পদত্যাগের খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গেই যন্তর মন্তরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। সেখানে জড়ো হওয়া বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়েন। হলুদ রঙের ছাউনির নিচে তারা ভারতীয় জাতীয় পতাকা নেড়ে, গান গেয়ে ও নেচে আনন্দ উদযাপন করেন।
গত কয়েক সপ্তাহ ধরে চলা ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এনিয়ে শনিবার বিকেলের আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।
তবে সর্বশেষ সিজেপি জানিয়েছে, তাদের আরও তিনটি দাবি রয়েছে। এনিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ধর্মেন্দ্র পদত্যাগ করলেও এখনই তেলাপোকারা (বিক্ষোভকারী) বিক্ষোভস্থল থেকে চলে যাবে না। এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্রের পদত্যাগের খবরের পর বিক্ষোভকারীদের উদ্দেশে দেয়া প্রথম ভাষণে এমনটাই বলেছেন অভিজিৎ।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপি লিখেছে, ধর্মেন্দ্রের পদত্যাগ সম্পন্ন, এখন নিটের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি দিতে হবে। বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাবে না। তৃতীয় দাবি হলো, র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চাইতে হবে।
