ইসলামী আন্দোলনের কথা-কাজের মিল রেখে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের কথা-কাজের মিল রেখে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে: চরমোনাই পীর

ফন্ট সাইজ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা-কাজের মিল রেখে আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ‘নগর সম্মেলনে’ তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, দেশের শতাধিক রাজনৈতিক দল আছে। সবাই সভা-সেমিনারে দেশপ্রেমের বয়ান দিয়ে আসছে। দেশের ক্লান্তিকালে কখনোই তারা দেশপ্রেমের চিন্তায় জয়ী হতে পারেনি। জুলাই অভ্যুত্থানে কেউ দলীয় ব্যানারে বা দলীয় বক্তৃতায়ও সরাসরি আন্দোলন, সংগ্রামের দিনগুলোতে সামনে আসতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা-কাজের মিল রেখে আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে। জুলাই অভ্যুত্থানের দিনগুলোই জ্বলন্ত স্বাক্ষী; ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারাই দেশের শাসনব্যবস্থা পরিচালনা করেছে, তাদের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়নি। বরং বারবার এদেশের মানুষকে রক্তের বিনিময়ে তাদেরকে ক্ষমতাচ্যূত করতে হয়েছে। জাতি হিসেবে এটা এগুলো কলঙ্কজনক অধ্যায়। বিশ্বের বুকে দুর্নীতির মত ঘৃণিত বিষয়ে চ্যাম্পিয়ন হতে হচ্ছে। দেশের মানুষ এখন মুক্তি চায়। এদেশের মানুষ কুরআনের শাসন দেখতে চায়। এদেশের মানুষ আর ভারত বা আমেরিকার গোলাম হয়ে থাকতে চায়না।

মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনব্যবস্থার পতন হয়েছে। কেউ যদি জুলাই আন্দোলন শিক্ষা না নেয়, তাহলে তাদের পরিণতিও ভয়াবহ রূপ নেবে। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি স্বৈরাচারী আচরণের দিকেই পরিচালিত হচ্ছে বলে মনে হয়। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আবদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুফতী কেফায়াতুল্লাহ কাশফী, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, আলহাজ্ব আবদুর রাজ্জাক, কে এম শরীয়াতুল্লাহ, ছাত্রনেতা মুনতাসির আহমাদ, অধ্যাপক ফজলুল হক মৃধা, জিয়াউল আশরাফ, নাজির আহমাদ শিবলী, মাইনুল ইসলাম, জুবায়ের হোসাইনসহ নগর ও থানার নেতৃবৃন্দ।

আমীরের বক্তব্য শেষে পীর সাহেব চরমোনাই নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এমএইচ মোস্তফা, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন