জার্সি বিক্রিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে বার্সেলোনা

জার্সি বিক্রিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে বার্সেলোনা

ফন্ট সাইজ:

বার্সেলোনা এখন শুধু মাঠেই নয়, আয়ের দৌড়েও সবার ওপরে। উয়েফার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জার্সি ও অন্যান্য পণ্য (মার্চেন্ডাইজিং) বিক্রি করে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলেছে তারা।
লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার জনপ্রিয়তা কমে যাবে বলে অনেকে ভেবেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেছে ঠিক উল্টো। ক্লাবের আয়ের এই জোয়ারের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সার আইকনিক ‘১০ নম্বর’ জার্সি গায়ে ইয়ামাল এখন বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের চোখের মণি। বড় কোনো তারকাকে চড়া দামে না কিনে নিজেদের একাডেমির ইয়ামালদের ওপর ভরসা করেই বাজিমাৎ করেছে ক্লাবটি।

উয়েফার রিপোর্ট বলছে, গত এক বছরে বার্সেলোনা জার্সি ও মার্চেন্ডাইজিং থেকে আয় করেছে রেকর্ড ২৭৭ মিলিয়ন ইউরো। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের আয় ২৩১ মিলিয়ন ইউরো। এছাড়া বায়ার্ন মিউনিখ ১৮৯ মিলিয়ন ও ম্যানচেস্টার ইউনাইটেড ১৭২ মিলিয়ন ইউরো আয় করেছে। আর্সেনাল, লিভারপুল ও চেলসির মতো বড় ক্লাবগুলোও বার্সেলোনার ধারেকাছে নেই।

আর্থিক এই উন্নতির বড় কারণ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘নাইকি’র সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি। এই চুক্তির প্রথম পূর্ণ বছরেই লাভের মুখ দেখেছে কাতালান ক্লাবটি। উয়েফা জানিয়েছে, ইউরোপের বড় ক্লাবগুলোর আয় গড়ে ৬ শতাংশ বাড়লেও বার্সেলোনার ক্ষেত্রে এই বৃদ্ধির হার অনেক বেশি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন