দুর্নীতি মামলায় খালাস পেলেন কেজরিওয়াল

দুর্নীতি মামলায় খালাস পেলেন কেজরিওয়াল

ফন্ট সাইজ:

আবগারি দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। একই মামলা থেকে মুক্তি পেয়েছেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। যে ২৩ জনের বিরুদ্ধে সিবিআই ও ইডি দুর্নীতির অভিযোগে মামলা করেছিল, দিল্লির রাউস অ্যাভিনিউয়ের নিম্ন আদালত আজ শুক্রবার তাদের প্রত্যেককেই মুক্তি দিয়েছেন। বিশেষ বিচারক জিতেন্দ্র সিং রায়ে বলেন, সিবিআই দুর্নীতি ও চক্রান্তের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণই পেশ করতে পারেনি।

সিবিআইয়ের অভিযোগ, এই দুর্নীতির মূল হোতা ছিলেন কেজরিওয়াল। কিন্তু অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক বলেন, তদন্তকারী সংস্থার ষড়যন্ত্রের তত্ত্ব স্ববিরোধিতায় ভরা। মামলায় অভিযোগের পক্ষে তথ্য–প্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের ওপর থেকে মানুষের আস্থা টলে যায়।
যে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাদের মধ্যে তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী ও বিআরএস নেতা কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাও ছিলেন। সিবিআই অবশ্য জানিয়েছে, নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে।

রায় শোনার পর আদালত চত্বরে দাঁড়িয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কেজরিওয়াল কেঁদে ফেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করে তিনি বলেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্রের রচয়িতা তারা। আম আদমি পার্টিকে শেষ করে দিতে তারা দলের শীর্ষ পাঁচ নেতাকে জেলে পুরেছেন। ভুয়া মামলায় একজন মুখ্যমন্ত্রীকে তার বাড়ি থেকে টেনেহিঁচড়ে জেলে ঢোকানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন