রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যবসায়ী।
শুক্রবার রাত ১১টার দিকে ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৪৫) যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া গুলিতে দুজন আহত হলেন—নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শী এবং নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে আমি, ইউসুফ ভাইসহ আরও দুজন ওপেক্স গার্মেন্টসের সামনে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। এসময় অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক আমাদের আশপাশ দিয়ে ঘুরছিল। তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। একপর্যায়ে ইউসুফ ভাই তাদের ডেকে বলে, ‘তোমাদের বাসা কোথায়? তোমরা আমাদেরকে ঘিরে এভাবে ঘুরছ কেন?’ পরবর্তীতে তাদের একজন বলেন, ‘আমাদের বাড়ি মিরপুর-১০-এ’। এরপর তারা চলে যেতে থাকলে ইউসুফ ভাই একজনের হাত ধরে বলে, ‘দাঁড়াও’। তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সেই যুবক ইউসুফ ভাইকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে চলে যায় এবং পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ইউসুফ ভাইয়ের বুকে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।’
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।’
প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
