ইয়েমেনে আইআরজিসি কমান্ডার পাঠিয়েছে ইরান

ইয়েমেনে আইআরজিসি কমান্ডার পাঠিয়েছে ইরান

ফন্ট সাইজ:

হুতিদের সহায়তায় ইয়েমেনে আইআরজিসি কমান্ডার ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান। চলতি মাসের ১৩ জুলাই ইরান তাদের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসের (আইআরজিসি) সিনিয়র কমান্ডার, সামরিক উপদেষ্টা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সরঞ্জাম এবং হুতিদের অর্থায়নের জন্য স্বর্ণ ইত্যাদি বিশেষ বিমানে করে ইয়েমেনে পাঠায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ও হুমকি দেয়ার সক্ষমতা আরও বৃদ্ধি করতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মাহান এয়ারের একটি বিশেষ বিমানে ১০ থেকে ২১ জন আইআরজিসি কর্মকর্তা ও সিনিয়র সামরিক কমান্ডার ইয়েমেনে পৌঁছান। বিমানটির রাজধানী সানায় অবতরণ করার কথা ছিল।

কিন্তু আন্তর্জাতিক স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকার সানা বিমানবন্দরে বিমান হামলা চালালে ফ্লাইটটির পথ পরিবর্তন করে লোহিত সাগরীয় বন্দরনগরী হুদায়দাহে নামানো হয়। ইরানি সামরিক কমান্ডোদের প্রধান কাজ হলো হুতি বাহিনীকে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর প্রশিক্ষণ দেয়া এবং তাদের সামরিক কার্যক্রম পরিচালনা ও জোরদারে সরাসরি সহায়তা করা। এই কমান্ডাররা পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। এতে রিয়াদ ও হুতিদের মধ্যকার চার বছরের যুদ্ধবিরতির সমাপ্তি ঘটে এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেবে বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বিশ্ব জ্বালানি পরিবহন বিঘ্নিত করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে ফেলতেই ইরান এসব সামরিক সহায়তা পাঠিয়েছে।

তবে ইরান ও হুতি গোষ্ঠী উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। বিমানের যাত্রী হিসেবে থাকা এক হুতি মিডিয়া কর্মকর্তা দাবি করেন, বিমানটিতে কেবল সাধারণ বেসামরিক নাগরিক ছিলেন এবং ইরানের সামরিক বিশেষজ্ঞ পাঠানোর খবরটি পুরোপুরি ভিত্তিহীন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, ফ্লাইটটি কেবল প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া থেকে হুতি প্রতিনিধিদল ও চিকিৎসা শেষে বেসামরিক নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য পরিচালিত হয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন