ঢাকার সাভারের মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে পোশাকশ্রমিক স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. কায়সার (২৮) ও তার স্ত্রী মোছা. রুবি আক্তার (২৪)। তাদের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়া গ্রামে। তাদেরকে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা কায়সারের বাবা মো. সিমান শেখ জানান, রাতে তাদের নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইট দিয়ে আগুন ধরাতেই হঠাৎ পুরো কক্ষে জমে থাকা গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান বলেন, ‘কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং রুবির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’
