কে পদত্যাগ করলো, কী করলো আমার কিছুই জানা নেই

প্রেসিডেন্ট ইস্যুতে বিমানবন্দরে স্পিকার

কে পদত্যাগ করলো, কী করলো আমার কিছুই জানা নেই

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তবে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো আমার কিছুই জানা নেই। এখন হয়ত জানতে পারবো।’

তিনি বলেন, ‘যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন। আগামী ৯০দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এই হলো সংবিধানের পজিশন।’

প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্নে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও সেই রকমই শুনেছি।’

এর আগে শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে স্পিকারকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রেসিডেন্টের পদ থেকে আজ শুক্র বা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। এই খবরের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া স্পিকার হাফিজ উদ্দিন সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফিরলেন।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রেসিডেন্টের পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন