কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচার, পাসপোর্ট হাতিয়ে নেয়া এবং বিদেশে নিয়ে নির্যাতনের অভিযোগে মানবপাচার চক্রের মূলহোতা মো. রুবেল (২৯)কে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এসব তথ্য জানান। তিনি বলেন, সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) গত ২১শে জুলাই ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে। আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী নারী একটি এনজিও থেকে ঋণ নেন। ওই এনজিওতে কর্মরত রুবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরে রুবেল কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন।
অভিযোগ অনুযায়ী, প্রথমে ভুক্তভোগীকে এক লাখ টাকা ঋণ নিতে সহায়তা করে সেই অর্থ নিজের কাছে নিয়ে নেন রুবেল। পাশাপাশি তার পাসপোর্টও সংগ্রহ করেন। পরে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে আরও অর্থ নেন। সবমিলিয়ে তার কাছ থেকে চার লাখ টাকা নেয়া হয়।
এরপর ২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ জোর করে নিয়ে নেয়। পরে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয় এবং তার উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়। একপর্যায়ে তাকে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং দেশে ফিরতে চাইলে প্রাণনাশ ও অন্য দালালের কাছে বিক্রি করে দেয়ার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থার সহযোগিতায় গত ১লা জুলাই ভুক্তভোগী দেশে ফেরেন। এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, তদন্তে ভুক্তভোগীর তথ্য, সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে রুবেলকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার অন্য অভিযুক্ত, মানবপাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং বিদেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত চলছে। বিদেশে চাকরির ক্ষেত্রে উচ্চ বেতনের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি। পাশাপাশি মানবপাচার বা বিদেশে পাঠানোর নামে প্রতারণার তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা সিআইডিকে জানাতে নাগরিকদের অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব।
