সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিগত দিনসমূহে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। ফলে উন্নয়নের সব সূচকেই আমাদের সিলেট পিছিয়ে। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর বৈষম্য দেখতে চায় না। বৃহস্পতিবার বিকালে রেজিস্ট্রারি মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষকী উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন, শাপলা ও জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার দাবিতে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দেশের ত্রিশটি রাজনৈতিক দল সর্ব সম্মতিক্রমে যে জুলাই সনদে স্বাক্ষর করলো এবং গণভোটের মাধ্যমে যে সনদ জনরায়ে পাস হলো- সেই সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও দিলওয়ার হোসাইন ও মাওলানা শিব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগর সহ-সভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদু ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পশ্চিম জেলা সভাপতি আবদুল বাসিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আবদুর রহীম প্রমুখ।
