জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। একই সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। গতকাল দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের মান, ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাহিদার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নে প্রায় ৬০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জি কে গউছ বলেন, নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন প্রকৃত জনগণের কাছে পৌঁছে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে দলেরই ঠিকাদার হোক না কেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উন্নয়ন কাজ নিয়মিত তদারকির নির্দেশও দেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে প্রকৃত চাহিদা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়। একই সঙ্গে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, সাবেক মেয়র এফ এম আহমেদ অলি, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা।
