চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারের কাছে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়। এদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে রয়েল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
এ সময় বাসটি সরোজগঞ্জ বাজারের কাছে পৌঁছলে একটি ভ্যানগাড়িকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের প্রায় সকলেই আঘাতপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞঝ ডা. এহসানুল হক তন্ময় বলেন, হাসপাতালে আনা তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
