সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন শেখকে ‘পরিকল্পিতভাবে মিথ্যা আসামি’ করা হয়েছেÑ এমন অভিযোগ তুলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, শামসুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি একজন পরিচ্ছন্ন ও প্রতিবাদী রাজনৈতিক কর্মী। তাদের ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, গত ১৭ই জুলাই সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকায় এক ব্যক্তিকে মারধরের ঘটনার পর তার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। তারা এ মামলার তদন্ত নিরপেক্ষভাবে করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত কয়েকজন বক্তা সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন। তারা অভিযোগ করেন, মামলার তদন্তে অনিয়ম হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ সময় শামসুদ্দিন শেখ দাবি করেন, তিনি নির্দোষ এবং রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, তিনি দলের সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের পক্ষে কথা বলায় একটি মহল তাকে টার্গেট করেছে। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আওলাদ হোসেন, রুবেল মাদবর, গোলজার হোসেন, সদস্য মোহাম্মদ হাসেন আনু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ গাজী সেলিমসহ সাধারণ সম্পাদক গোলজার হোসেন, আল মদিনা জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে মিথ্যা হত্যা মামলায় আসামি করার অভিযোগে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৪ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
