দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরের হাট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সভাপতি কুলসুম বেগমের স্বামী জামাল বেপারী অফিস কক্ষে ওই শিক্ষকের ওপর শারীরিক হামলা চালান। তারা এ ঘটনাকে শিক্ষাঙ্গনের মর্যাদার ওপর আঘাত উল্লেখ করে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহিন, মো. শহিদুল ইসলাম ও ইউপি সদস্য মো. নুরুজ্জামান মৃধা। কান্নাজড়িত কণ্ঠে মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছেন। অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব পালন করলেও তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা জানান, বিষয়টি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি ফৌজদারি তদন্তের জন্য থানার ওসিকেও নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
