রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মৌডুবি ইউনিয়নের ভূঁইয়াকান্দা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার সকালে ওই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন রাঙ্গাবালী থানার এএসআই আনোয়ার। পরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, গত রোববার জাহাঙ্গীরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে। এজাহারে ভুক্তভোগী জানান, ঘটনার রাতে ১০টার দিকে তিনি দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার দিবাগত রাত ১টার দিকে অভিযুক্ত পরিকল্পিতভাবে বসতঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং তার কক্ষে গিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ভুক্তভোগী চিৎকার দিলে ঘরের লাইটের আলোয় তিনি অভিযুক্তকে চিনতে পারেন। চিৎকার সত্ত্বেও জাহাঙ্গীর তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ছেলের ঘুম ভেঙে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন। এরপর ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই বিষয়টি স্বামী ও নিকটাত্মীয়দের জানানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন