ধর্ষণ মামলায় চট্টগ্রামের এনসিপি নেতা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় চট্টগ্রামের এনসিপি নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপি’র চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। দলীয় সূত্রে জানা যায়, গত ১৪ই মে সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে ফেসবুকে আফতাব মজুমদারের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে অভিযুক্ত শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তরুণী বিয়ের আগে তাতে সম্মতি দেননি।

এজাহারে বলা হয়, গত ১৪ই জুলাই সকালে আফতাব মজুমদার বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়ে বারবার কথা বললেও বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

মামলায় উল্লেখ করা হয়, পরে ভুক্তভোগী জানতে পারেন আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় ধর্ষণের মামলা করেন। চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন