চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালাউদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের মোল্লা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সালাউদ্দিনের মোটরসাইকেল সিমেন্ট মিক্সার ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইন্টারনেট কোম্পানির একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সালাউদ্দিন ছিটকে সিমেন্ট মিক্সার গাড়ির নিচে পড়লে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশাল চন্দ্র বলেন, সালাউদ্দিন নামের একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ত্রিমুখী সংঘর্ষে সিমেন্টের মিক্সার গাড়ির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যানটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
