ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংক পিএলসি’র গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ আলী (৪৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ৬ই জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালের সামনে ব্যক্তিগত আক্রোশের জেরে মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে উত্তরা ব্যাংক পিএলসি’র গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুর রহমানের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ই জুলাই দুপুরে তিনি মারা যান।
নিহত আরিফুর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ৮ জুলাই তার স্ত্রী মোছা. তাসলিমা শারমীন মলি বাদী হয়ে কসবা থানায় মোহাম্মদ আলীসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার ভোরে তাকে কসবা থানায় নিয়ে আসা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
