যুক্তরাজ্যের সমুদ্রে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক বৃটিশ-বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী কন্যা। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে কলচেস্টারের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে।
নিহত নারী সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। তার স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পরিবারের সদস্যরা লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে একসঙ্গে অবকাশযাপন করছিলেন। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পরিবারের একটি শিশু সমুদ্রে ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন মা ও তার কিশোরী মেয়ে।
তাদের সাহসী চেষ্টায় শিশুটি প্রাণে বেঁচে গেলেও উত্তাল জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যান মা ও মেয়ে। পরে তাদের দু’জনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন নিহত নারীর বাবা মুজিবুর রহমান। শোকাবিভূত অবস্থায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের আরও কয়েকজন সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো।
