কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে আলী মিয়া (৪৮) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে কসবা থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ৬ই জুলাই সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর বাজারে অবস্থিত গ্রিন হেলথ হাসপাতালের সামনে লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্ত আলী মিয়া। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ই জুলাই বিকালে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে আলী মিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন