সালথায় শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সালথায় শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুল বাসার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত শওকত ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে। মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২২শে মে বিকালে তৃতীয় শ্রেণির ওই শিশুটি বাড়ির পাশের নিজেদের ক্ষেত দেখতে গিয়েছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা শওকত শিশুটিকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিএসি)-এ ভর্তি করে।

ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সালথা থানায় শওকতকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন। ঘটনার তদন্ত শেষে ২০২০ সালের ৫ই অক্টোবর পুলিশ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ছয় বছর পর আদালত এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অর্চনা দাস বলেন, এ রায়ের মাধ্যমে তার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। এ রায় সমাজে অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে এবং শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন