নাফ নদে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। এ সময় একটি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার ভোররাতে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ নাফ নদে এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উখিয়ার ২ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে জুস মোহাম্মদ (৩০) এবং ৫ নম্বর আলিখালী এফডিএমএন ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৭)। বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদে পার হয়ে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র একটি দল নদীতে কৌশলগত অবস্থান নেয়। ভোর রাত আনুমানিক ৩টার দিকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি টহল দল সেটিকে ধাওয়া করে।

এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন