রোহিঙ্গা নাগরিককে এনআইডি প্রদান

কলমাকান্দায় নির্বাচন কার্যালয়ের তিন কর্মী চাকরিচ্যুত

ফন্ট সাইজ:

নেত্রকোণার কলমাকান্দায় এক রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি নাগরিকত্ব দেয়ার অভিযোগে উপজেলা নির্বাচন কার্যালয়ের আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন নিশ্চিত করেছেন। চাকরিচ্যুতরা হলেন- কলমাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার ওরফে হীরা।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দার রামনাথপুর পাগলা এলাকায় এক রোহিঙ্গাকে টাকার বিনিময়ে এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করে দেয়ার ঘটনা ঘটে। একইভাবে নেত্রকোণা সদরেও এক রোহিঙ্গাকে আইডি তৈরি করে দেয়ার অভিযোগ ওঠে। এ কাজে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগও ওঠে। এ নিয়ে গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কলমাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে আউটসোর্সিংয়ে কর্মরত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, রোহিঙ্গা নাগরিককে নাগরিকত্ব দেয়ার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িত ঢাকায় তিনজনকে চাকরিচ্যুত করা হয়। অবশ্য ওই তিনজন নির্বাচন অফিসের কেউ নন, তারা কোম্পানির হয়ে আউটসোর্সিংয়ে নির্বাচন অফিসে কাজ করছিলেন। জেলায় এসংক্রান্ত আরও যেসব অভিযোগ রয়েছে সেগুলোরও তদন্ত চলমান রয়েছে।

এদিকে, চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া গত সোমবার মুঠোফোনে ইবাদ হোসেন নামে এক সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত কাঞ্চন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন