অর্থ আত্মসাতের মামলায় তিন বছরের সাজা এড়াতে মুর্শেদ খাদেম (৪০) নামের এক ব্যক্তি ১২ বছর পালিয়ে থাকার পর অবশেষে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছেন। মুর্শেদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের কোনাপাড়ার প্রয়াত ফরিদ মিয়ার ছেলে। সরাইল থানার এএসআই আমান উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা জানায়, ইট দেয়ার শর্তে হরলাল দেবনাথের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত দিয়ে ২০১২ সালে সাড়ে ৩ লাখ টাকা গ্রহণ করেছিলেন মুর্শেদ খাদেম। টাকা গ্রহণের পরই রূপ বদলে ফেলেন মুর্শেদ। ইট না দিয়ে দীর্ঘদিন হরলালকে ঘুরিয়ে ফিরিয়ে নানা বাহানা করতে থাকেন। একপর্যায়ে মুর্শেদ লাপাত্তা হয়ে যান।
মুর্শেদের অবস্থান জানতেও হরলালকে বিভিন্ন জায়গায় ধরনা দিতে হয়। বাধ্য হয়ে ২০১৩ সালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। এ মামলায় ২০১৪ সালে আদালত মুর্শেদ খাদেমকে তিন বছরের সাজা প্রদান করেন। গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাকে এড়াতে মুর্শেদ পালিয়ে থাকেন। তিন বছরের সাজা থেকে নিজেকে রক্ষা করতে মুর্শেদ দীর্ঘ ১২ বছর পালিয়ে থাকেন। এএসআই আমান উল্লাহ বলেন, একটি মামলায় ১২ বছর আগে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে। বুধবার রাতে কৌশলে মুর্শেদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।
