ভারত যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে জিম্বাবুয়ের সঙ্গে খেলছে, তখন হাসপাতালে মৃত্যর সঙ্গে লড়ছিলেন রিঙ্কু সিংয়ের বাবা খানচাড় সিং। মাঠের লড়াইয়ে ভারত জিতে গেলেও, নিয়তির কাছে হেরে গেলেন ভারতীয় তারকা ব্যাটারের বাবা। যকৃতের ক্যান্সারে নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দুঃসংবাদ পেয়ে ইতিমধ্যে পরিবারের কাছে ছুটে গেছেন রিঙ্কু। বিশ্বকাপের আগের পাঁচ ম্যাচেই মাঠে নামলেও, এদিন একাদশে সুযোগ হয়নি তার। তবে বদলি হিসেবে নেমে ফিল্ডিং করেন তিনি। অনেকদিন ধরেই চতুর্থ পর্যায়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন খানচাড় সিং। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়। খবর পেয়ে তখন বাবার কাছে ছুটে যান রিঙ্কু। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ফের দলের সঙ্গে যোগ দেন তিনি। এরপরই এমন খবর পেতে হলো রিঙ্কুকে।
