গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৩৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর
জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭০৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯০৪ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৮৪১ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৯ হাজার ২৯৪ শিশু ছাড়পত্র পেয়েছে।
