ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করলো এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করলো এনবিআর

ফন্ট সাইজ:

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার থেকে এ সুবিধা চালু করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সিস্টেমটি করদাতাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। করদাতারা এখন ঘরে বসেই তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্যকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুত করে রিটার্ন জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণির করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা পাবেন। এ সময়ের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিল করা রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য করদাতাগণকে বিশেষ অনুরোধ জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন