বৃষ্টির লুকোচুরির মাঝে জমজমাট তৃতীয় দিন

নতুন কুঁড়ি স্পোর্টস

বৃষ্টির লুকোচুরির মাঝে জমজমাট তৃতীয় দিন

ফন্ট সাইজ:

নতুন কুঁড়ি ২০২৫-২৬ এর জাতীয় পর্বের তৃতীয় দিনে তিন ভেন্যুতে মাঠে গড়ায় ক্রিকেট, ফুটবল ও কাবাডি- এই তিন ইভেন্ট। এদিন বৃষ্টি বাগড়ায় ক্রিকেটের দুই কোয়ার্টার ফাইনালের ফল নিষ্পত্তি হয় টসে। কোয়ার্টার ফাইনালের আরেকটি ম্যাচের ফল নির্ধারিত হয় ডিএলএস মেথডে।

টস ভাগ্যে গড়ালো সেমির টিকিট
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বালক-বালিকা বিভাগের চার কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ পুরো সময় মাঠে গড়ায়। দু’টি ম্যাচের ফল নির্ধারিত হয় কয়েন টসে। আর একটির ফল নির্ধারণ হয় বৃষ্টি আইনে। শেষ পর্যন্ত ছেলেদের বিভাগে সেমিফাইনালে উঠেছে রংপুর ও সিলেট, মেয়েদের বিভাগে চট্টগ্রাম ও ঢাকা। রংপুর ছেলেদের ম্যাচে কুমিল্লাকে হারায় ১০ উইকেটে। টসে হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লা মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় ৯.৫ ওভারে। সর্বোচ্চ ১৫ রান আসে আবরার জাসিনের ব্যাট থেকে। বল হাতে ২ রানে ২ উইকেট নিয়ে কুমিল্লার ইনিংস ভাঙার কাজটা সারেন শাহিন ইসলাম শাহি। জবাবে অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটিতে জয় পায় রংপুর। সাকিব ২৭ বলে ৭ চার, ১ ছক্কায় ৩৭ ও ইলমান অপরাজিত থাকেন ১৮ রানে। মেয়েদের ম্যাচে চট্টগ্রাম ৯ উইকেটে হারায় কুমিল্লাকে। টসজয়ী কুমিল্লা ইনিংসের প্রথম বলেই হারায় অধিনায়ক হাফসা আক্তারকে। এরপর রুম্মান ইসলাম সাইকাও ফেরেন খাতা না খুলে। ৪ রানে ২ উইকেট পড়ার পরই নামে বৃষ্টি। ডিএলএস পদ্ধতিতে ম্যাচ নেমে আসে ৩ ওভারে। কুমিল্লা করে মাত্র ১৬ রান, যার ৯-ই অতিরিক্ত থেকে। ১৭ রানের লক্ষ্য চট্টগ্রাম টপকে যায় মাত্র ৮ বলে, ১ উইকেট হারিয়ে। বৃষ্টিতে মাঠে গড়ায়নি দিনের বাকি দুই ম্যাচ, তাই ফয়সালা হয় টসে- মেয়েদের বিভাগে সিলেটকে টসভাগ্যে হারিয়ে সেমিতে ঢাকা, ছেলেদের বিভাগে ঢাকাকে টসে হারিয়ে সেমিতে সিলেট।

টাইব্রেকারের রোমাঞ্চে খুলনা-রংপুরের হাসি
আর্মি স্টেডিয়ামে ফুটবলের বালক বিভাগে জমে ওঠে টাইব্রেকার নাটক। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পর ঢাকা অঞ্চলকে ৪-২ গোলে হারিয়ে জয় পায় খুলনা। একই দিনে গোলশূন্য থাকা আরেক ম্যাচে টাইব্রেকারে চট্টগ্রামকে ৩-১ গোলে হারায় রংপুর। বালিকা বিভাগে ঢাকাকে ১-০ গোলে হারায় খুলনা। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সিঁথি বিশ্বাস। আরেক ম্যাচে মার্জিয়া ও সুমাইয়ার গোলে চট্টগ্রামকে ২-০ ব্যবধানে হারায় রংপুর।

কাবাডিতে দাপট রাজশাহী-রংপুরের
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাবাডির কোয়ার্টার ফাইনাল পর্ব। বালক বিভাগে রাজশাহী ৪৩-৪১ পয়েন্টে হারায় বরিশালকে, খুলনা মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (৪৬-৪৫) জেতে সিলেটের বিপক্ষে, আর রংপুর কুমিল্লাকে উড়িয়ে দেয় ৬৪-৩৮ পয়েন্টের বড় ব্যবধানে। ময়মনসিংহ ৩৯-২৩ ব্যবধানে হারায় ফরিদপুরকে। বালিকা বিভাগে বরিশালকে ৫৮-১৫ পয়েন্টে বিধ্বস্ত করে রাজশাহী, খুলনা সিলেটকে হারায় ৫৩-৩৬ পয়েন্টে, রংপুর কুমিল্লাকে হারায় ৪৬-৩০ পয়েন্টে এবং ফরিদপুরকে ৪২-৩২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ময়মনসিংহ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন