পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের। মহাযজ্ঞের সমাপ্তির পর ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাবগুলো ২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং ব্রুট হালান্দ, লামিন ইয়ামালের মতো তারকা ফুটবলাররা আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে প্রয়োজনীয় বিশ্রাম কাটিয়ে ক্লাবে ফিরছেন। বর্ধিত আন্তর্জাতিক সূচির কারণে কয়েকটি ঘরোয়া লীগ শুরুর তারিখে সামান্য পরিবর্তন আনা হয়েছে। জেনে নিন কবে শুরু হচ্ছে কোন লীগ।
ইংলিশ প্রিমিয়ার লীগ
বহুল আকাঙ্ক্ষিত ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরু হবে আগামী ২১শে আগস্ট এবং শেষ হবে আগামী বছরের ৩০শে মে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল এবং নতুন উন্নীত দল কভেন্ট্রি সিটি। মৌসুম শুরুর আগে ১৬ই আগস্ট কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে কমিউনিটি শিল্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে। কভেন্ট্রি সিটির সঙ্গে এবার প্রিমিয়ার লীগের অন্য দু’টি নতুন দল হলো ইপ্সউইচ টাউন ও হাল সিটি।
স্প্যানিশ লা লিগা
স্পেনের শীর্ষ লীগের পর্দা উঠবে আগামী ১৫ই আগস্ট। সেদিন মুখোমুখি হবে আলাভেস ও গেটাফে। ২২শে আগস্ট রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে এস্পানিওল এবং পরদিন বার্সেলোনা (২৩শে আগস্ট) এলচের বিপক্ষে খেলবে। টানা দু’বারের চ্যাম্পিয়ন কাতালানরা তাদের শিরোপা ধরে রাখার চেষ্টা করবে। অন্যদিকে, নতুন কোচ জোসে মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদ শিরোপা পুনরুদ্ধারে প্রস্তুত। এই মৌসুমে লা লিগায় নতুন মুখ হিসেবে যোগ দিয়েছে রেসিং সান্তান্দার, দেপোর্তিভো লা করুনা এবং প্লে-অফ জিতে আসা মালাগা।
ইতালিয়ান সিরি আ
ইতালির শীর্ষ লীগটি শুরু হবে আগামী ২২শে আগস্ট। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মুখোমুখি হবে প্রথমবার শীর্ষ স্তরে খেলতে আসা মোনজার। দিনের আরেক ম্যাচে মাঠে নামবে উদিনেসে ও কোমো। শীর্ষ স্তরে নিজেদের প্রমাণ করতে মোনজার সঙ্গে যোগ দিয়েছে আরও দু’টি ক্লাব- ভেনেশিয়া ও ফ্রোসিনোনে।
জার্মান বুন্ডেসলিগা
জার্মানির শীর্ষ লীগের পর্দা উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়ে। বুন্ডেসলিগায় প্রথম ম্যাচে দাপুটে বাভারিয়ানদের মুখোমুখি হবে স্টুটগার্ড। জার্মানিতে এই মৌসুমের অন্যতম আকর্ষণ হলো এসভি এলভার্সবার্গের ঐতিহাসিক অভিষেক, যারা প্রথমবারের মতো শীর্ষ লিগে খেলবে। তাদের সঙ্গে ফিরেছে শালকে ০৪ ও এসসি পাদেরবর্ন।
ফরাসি লীগ ওয়ান
ফরাসি ফুটবলের শীর্ষ স্তর শুরু হচ্ছে আগামী ২১শে আগস্ট, মুখোমুখি হবে ওলাপিক মার্সেই ও স্টার্সবুর্গ। ২৩শে আগস্ট রেনের বিপক্ষে নামবে দাপুটে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দ্বিতীয় বিভাগ থেকে এবার উন্নীত হয়েছে ট্রয়েস ও লে মানস।
ইএফএল চ্যাম্পিয়নশিপ
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ শুরু হবে ১৪ই আগস্ট এবং শেষ হবে আগামী বছরের ৩১শে মে। এ মৌসুমে প্লে-অফ বিন্যাসে পরিবর্তন এনে চার দলের বদলে ছয় দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মে মাসের শুরুতে মূল মৌসুম শেষ হওয়ার পর ২৯ থেকে ৩১শে মে প্লে-অফ ফাইনাল অনুষ্ঠিত হবে।
উয়েফা চ্যাম্পিয়নস লীগ
৩৬ দলের নতুন ‘লীগ ফেজ’ পদ্ধতি বজায় থাকছে এবারো, যা শুরু হবে ৮ থেকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে। চ্যাম্পিয়নস লীগের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৭শে আগস্ট এবং লীগ পর্ব শেষ হবে আগামী বছরের ২৭শে জানুয়ারি। ২০২৭ সালের ৫ই জুন মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
