যুগান্তর
দৈনিক যুগান্তরের শিরোনাম ‘স্থানীয় সরকার নির্বাচন: ভোটের হাওয়া
তৃণমূলে’। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদের পর এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তৃণমূলে বইছে ভোটের হাওয়া। বিশেষ করে সিটি করপোরেশনগুলোতে তোড়জোড় চলছে। বিএনপি ও জামায়াতের তৃণমূল পর্যায়ের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন। পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও। জামায়াতের সঙ্গে জোটগতভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচন আলাদাভাবে করতে চায় দলটি। যদিও ছয় সিটি করপোরেশনে রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ভোটগ্রহণের সময় নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে।
এদিকে তৃণমূলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদের জনপ্রিয়তার জানানও দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। কেউ কেউ পোস্টার ও বিলবোর্ডে আগাম প্রচারও শুরু করেছেন। যদিও নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে স্থানীয় প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন। সরকারের গ্রিন সিগন্যাল পেলে জুনেও ঢাকার দুটিসহ তিন সিটি করপোরেশনে ভোট করার মতো প্রস্তুতি আছে ইসির। এছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের আমলে নির্দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনে যে সংশোধন আনা হয়েছিল, তা জাতীয় সংসদ অনুমোদন করে কিনা-সেদিকেও নজরে রাখছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হলে এসব নির্বাচনসংশ্লিষ্ট আইন সংসদে অনুমোদনের প্রয়োজন হবে। তিনি বলেন, আমার জানামতে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করার বিধান অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে। সংসদ অধিবেশন বসার পর এই বিল বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, তাহলে একরকম হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে আরেক রকম হবে। আমরা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
সম্প্রতি ঢাকার দুটিসহ ছয় সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক নিয়োগ দেওয়ায় ভোটের সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে, সবকটি সিটি করপোরেশনে খুব শিগগিরই নির্বাচন হচ্ছে না। অবশ্য মঙ্গলবার বিষয়টি অনেকটা খোলাসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে। আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবেন বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি নির্বাচন ভবিষ্যতে হবে কিনা, সেটা সংসদে নির্ধারিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, ১১টি সিটি করপোরেশনের মধ্যে তিনটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ ২০২৫ সালের ২ জুন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ ওই বছরের ১ জুন শেষ হয়। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। বাকি সিটি করপোরেশনগুলোর মেয়াদ ২০২৭ থেকে ২০২৮ সালে শেষ হবে। নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশনের পরিষদ ভেঙে দেওয়ার ১৮০ দিনের মধ্যে ভোট করার কথা। জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনের পরিষদ ভেঙে দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় ওই সময়ের মধ্যে নির্বাচন করেনি।
এছাড়া পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের এখনো অপসারণ করা হয়নি। তবে তাদের অনেকেই কারাবন্দি, আবার অনেকে এলাকাছাড়া। এই অবস্থায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চলছে প্রশাসক দিয়ে। ফলে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠান যেমন, উপজেলা ও পৌরসভাগুলোতে কবে ভোট হবে-তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে ভোট যখনই হোক না কেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড় দেখা যাচ্ছে।
রাজশাহী ব্যুরো জানিয়েছে, সংসদ নির্বাচনের পরেই রাজশাহীতে লেগেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। রাজশাহীতে রয়েছে একটি সিটি করপোরেশন। এছাড়া রয়েছে নয়টি উপজেলা, ১৪টি পৌরসভা এবং ৭১টি ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে বাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের অনুসারী ও সমর্থকরা নেমেছেন অগ্রিম প্রচারণায়।
সারা দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে সরকার ইতোমধ্যে ৬টিতে ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিয়েছে। রাজশাহী সিটি করপোরেশনেও স্বল্প সময়ের মধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। প্রশাসক নিয়োগে আলোচনায় রয়েছেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সহসভাপতি ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এদিকে সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি ও জামায়াত নেতারা। পাশাপাশি রাজশাহীর নয়টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ও জামায়াত নেতারা। তাছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে প্রার্থীদের সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা শুরু করেছেন। জেলার মোট ১৪টি পৌরসভাতেও একই অবস্থা।
খুলনা ব্যুরো জানিয়েছে, খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) নগর বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ সিটি নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হবেন বলে মনে করছেন দলটির তৃণমূল নেতারা। অপরদিকে জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী বাছাইয়ে দলীয় ফোরামে মতামত নিয়েছে। সেখানে আলোচনায় এসেছে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং মহানগরীর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমের নাম। যদিও জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো ঘোষণা করা হয়নি।
তবে দুই দলেই কাউন্সিলর প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে। কেসিসির ৩১টি ওয়ার্ড, থানা ও মহানগর পর্যায়ের নেতারা কাউন্সিলর নির্বাচন করতে আগ্রহী। ইতোমধ্যে অনেক প্রার্থী কাজ শুরু করেছেন। তারা রমজানের শুরুতে ইফতারসামগ্রী বিতরণ, গরিব-অসহায়দের সহযোগিতা করাসহ নানা কাজের মধ্যে জনপ্রতিনিধি হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এদিকে জেলার ৯টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী, ৬৮টি ইউনিয়নের চেয়ারম্যান এবং দাকোপ ও পাইকগাছার দুটি পৌরসভায় বিএনপির একাধিক প্রার্থীর আগ্রহ দেখা গেছে। কাউন্সিলর প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি দলটি।
জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন যুগান্তরকে বলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো কেন্দ্র থেকে জানায়নি। যে কারণে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে কিনা-তা বলতে পারছি না। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী যুগান্তরকে বলেন, বিএনপি যেহেতু বড় দল, অনেকেই দলের মনোনয়ন চাইবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি।
চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ যুগান্তরকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এখন প্রস্তুতি চলছে স্থানীয় সরকার নির্বাচনের। তবে এখন পর্যন্ত ঢাকা থেকে কোনো নির্দেশনা আসেনি। তারপরও আমরা কিছু কিছু কাজ এগিয়ে রাখছি। এদিকে জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতে চট্টগ্রামে শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের আলোচনা। বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আদালতের মাধ্যমে চেয়ারে আসীন মেয়র শাহাদাত হোসেন বলেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী চাইলে তিনি ২০২৯ সাল পর্যন্ত মেয়র পদে থাকতে পারবেন। তবে যেহেতু ওয়ার্ডে কোনো কাউন্সিলর নেই, জনভোগান্তি চরমে উঠেছে, তাছাড়া ভোটের মাধ্যমে নিজের জনপ্রিয়তা যাচাইয়েরও অভিপ্রায় আছে তার। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই তিনি মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন। এপ্রিলের শেষদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ দেশের তিন সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতি নিতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সে অনুযায়ী কিছুদিনের মধ্যেই সিটি করপোরেশনে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নগরীর ৪১ ওয়ার্ডে বিএনপি নেতাদের অনেকেই কাউন্সিলর নির্বাচনের জন্য ইতোমধ্যে মাঠে সরব হয়েছেন।
চট্টগ্রামে একটি সিটি করপোরেশন, ১৫টি পৌরসভা ও উপজেলা পরিষদ এবং ১৯০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। বেশির ভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদে এখন প্রশাসক বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে রুটিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পৌরসভাগুলো হচ্ছে মীরসরাই, বারইয়ারহাট, সীতাকুণ্ডু, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী ও ফটিকছড়ি।
ফরিদপুর : ফরিদপুরে পৌর মেয়র হিসাবে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরীয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজের নাম। এছাড়া জেলার ভাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, নগরকান্দা পৌরসভা নির্বাচনে আগ্রহীরা প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
বরিশাল : দেশের ছয়টি সিটি করপোরেশনে বিএনপি দলীয় নেতাদের প্রশাসক পদে নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে বরিশালেও সরকার প্রশাসক নিয়োগ দেবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। এ আলোচনায় প্রশাসক পদের জন্য লবিং-তদবিরে ব্যস্ত বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, এবায়েদুল হক চান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন এবং মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন। প্রশাসক কিংবা নির্বাচন প্রশ্নে তাদের মধ্যেই যে কোনো একজন বিএনপির সমর্থন পাবেন বলে ধারণা সবার।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, নাগরিক সংগঠন ও সুশীল সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, গণ-অভ্যুত্থানের পর জনপ্রতিনিধি না থাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাজকর্মে ব্যাপকভাবে ঢিলেঢালা ভাব চলছে। মানুষ আশা করেছিল নির্বাচনের মাধ্যমে সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলররা বসবেন। কিন্তু সেখানে নির্বাচন না দিয়ে যদি সরকার প্রশাসক দিয়ে সিটি করপোরেশন চালাতে চায়, তাহলে খারাপ একটা প্রতিক্রিয়া তৈরি হবে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু বলেন, প্রশাসক নিয়োগ হোক, এটা অবশ্যই জন-আকাঙ্ক্ষা না। মানুষের আশা হলো নির্বাচিত প্রতিনিধির কাছে সিটি করপোরেশন হস্তান্তর করা।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনকে আমি ভালো জানি। কিন্তু দলীয়ভাবে আমরা মনে করি অনির্বাচিত কাউকে স্থানীয় সরকারের কোনো পদে বসানো উচিত নয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সুন্দর হয়নি। একটি নির্বাচনের মাধ্যমে সিটি করপোরেশনের মেয়র হবেন, এটিই সবার প্রত্যাশা। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি।
এদিকে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন বলেন, আমার দলের চেয়ারম্যান যে দায়িত্ব দিয়েছেন, আমি তার সম্মান রক্ষা করার চেষ্টা করব। এটি কোনো ক্ষমতা নয়, এটি দায়িত্ব। প্রথমে আমি দুই মাসের কর্মসূচি গ্রহণ করব। যানজট, হকার সমস্যা, নগরীর রাস্তাঘাট এ সময়ে আমার প্রথম কাজ থাকবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন দাবি করে বলেন, সরকার সিটি করপোরেশনের কাজের গতিশীলতা আনতে সাময়িক সময়ের জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র, কাউন্সিলর দেখতে চাই।
কালের কণ্ঠ
কালের কণ্ঠের প্রধান শিরোনাম— ৬৫ প্রকল্পে ব্যয় ৮০ হাজার কোটি বাড়িয়ে গেছে ইউনূস সরকার। খবরটিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মেয়াদে অন্তত ৬৫টি উন্নয়ন প্রকল্পে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। যেখানে অতিরিক্ত যোগ হয়েছে প্রায় ৭৯ হাজার ৮৩৪ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও একনেকের বৈঠকের কার্যবিবরণী পর্যালোচনায় দেখা গেছে, এই সময়ে একনেকের ১৯টি বৈঠকে মোট ৮৭টি চলমান প্রকল্প সংশোধন করা হয়েছে।
এর মধ্যে সাতটি প্রকল্পের ব্যয় কমানো হয়েছে, তাতে মোট সাশ্রয় হয়েছে ৯৫০ কোটি টাকা, যা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর আগের ব্যয়ের মাত্র দুই দশমিক ৪৫ শতাংশ। বিপরীতে ৬৫টি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা।
আরো ১৫টি প্রকল্পের ব্যয় অপরিবর্তিত রাখা হলেও কাজ শেষ করার সময়সীমা বাড়ানো হয়েছে।
এই ৬৫টি প্রকল্পের প্রাথমিক মোট ব্যয় ধরা হয়েছিল দুই লাখ ২৪ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ চার হাজার কোটি টাকায়। অর্থাৎ গড়ে ব্যয় বেড়েছে প্রায় ৩৫.৬৭ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা উন্নয়ন প্রকল্পে কঠোর নজরদারি করবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাবে। কিন্তু বারবার প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানো সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার শিরোনাম ‘ব্যাটারির রিকশায় বিশৃঙ্খল সড়ক।’ প্রতিবেদনে বলা হয়, ট্রাফিক আইনসহ কোনো নিয়মের তোয়াক্কা না করে সারা দেশের প্রধান সড়কসহ অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, ইজিবাইক। তিন চাকার এসব যানের চালকেরা কোনো নিয়ম না মানায় সড়ক হয়ে উঠেছে বিশৃঙ্খল। তীব্রতা বেড়েছে যানজটের, সেই সঙ্গে বেড়েছে সড়ক দুর্ঘটনা।
রাজধানী ঢাকার অনেক প্রধান সড়কসহ এলাকার সব সড়কে দিন দিন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ছে। দেশের সব শহরেও একই চিত্র। আঞ্চলিক মহাসড়ক এমনকি জাতীয় মহাসড়কেও ছুটে চলেছে ব্যাটারির তিন চাকার যানগুলো। রাজধানীর কোনো কোনো উড়ালসড়কেও উঠছে এসব যান। নিয়ন্ত্রণহীন এ চলাচলে ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি সূত্রের তথ্যমতে, সারা দেশে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ তিন চাকার অবৈধ যানের সংখ্যা ৫০-৬০ লাখ। এর মধ্যে রাজধানীতেই চলছে ১৫ লাখের বেশি। অবৈধ ও নিবন্ধনহীন এই যান কয়েক বছরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ এসব যান নিয়ন্ত্রণের বিকল্প নেই।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ চালকদের আন্দোলনের মুখে সফল হয়নি; উল্টো বেড়েছে। সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকারের জন্যও সড়কে ব্যাটারির রিকশা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হবে।
ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার বিষয়ে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যানজট নিয়ন্ত্রণে ফুটপাত দখলমুক্ত করা এবং অনিয়ন্ত্রিত ব্যাটারির রিকশা, অটোরিকশা চলাচল বন্ধ করা জরুরি। নিয়মের তোয়াক্কা না করে এভাবে যান চলাচল গ্রহণযোগ্য নয়। তবে অটোরিকশা পুরোপুরি বন্ধ করা হবে, নাকি নিয়ন্ত্রণের আওতায় এনে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
সড়ক পরিবহনসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগে রাজধানীতে বিভিন্ন এলাকার রাস্তা ও অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল সীমাবদ্ধ থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রধান প্রধান সড়কেও উঠে আসে। সর্বত্র চলাচলের সুবিধায় সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। জাতীয় মহাসড়কের ক্ষেত্রেও একই অবস্থা। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে সরাসরি লেনেও বিনা বাধায় চলছে এসব যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এসব যান এখন নিয়ন্ত্রণহীন।
ইত্তেফাক
ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম ‘‘মব’ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে গত বুধবারের ‘মব’ ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, কর্মকর্তাদের মধ্যে যারা এই ‘মব’ সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। এ সময় তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। সাংবাদিকরা তার বক্তব্য চাইলে গভর্নর বলেন, ‘আগে কাজ, পরে কথা।’ এরপর তিনি ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যান।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সহযোগিতার কথা বলেছেন। পাশাপাশি অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
বণিক বার্তা
বণিক বার্তার প্রথম পাতার শিরোনাম ‘শিক্ষকদের মধ্যে পদ-পদবি নিয়ে বাড়ছে হাতাহাতি-দ্বন্দ্ব।’ প্রতিবেদনে বলা হয়, দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমাজে পদ-পদবি, নিয়োগ-সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। নতুন সরকার গঠিত হওয়ার পর শিক্ষকদের একাংশ বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার ও দাবি-দাওয়া আদায়ে, অপরপক্ষ নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে তৎপর হয়ে উঠেছেন।
তাদের মতে, আগামী কয়েক মাসে এ ধরনের দ্বন্দ্ব আরো বাড়তে পারে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে শিক্ষকদের প্রকাশ্য দ্বন্দ্ব, উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
তিনি আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং কেউ যাতে এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেজন্য সরকার কঠোর নির্দেশনা প্রদান করবে।
প্রথম আলো
প্রথম আলোর প্রধান শিরোনাম, ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ।’ প্রতিবেদনে বলা হয়, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকেরা এ সুবিধা পাবেন। এ সিদ্ধান্তের ফলে মওকুফ হবে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা। এতে প্রায় ১২ লাখ কৃষক সুফল পাবেন। গতকাল বৃহস্পতিবার বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই হারে কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ গ্রহীতা সবচেয়ে বেশি ছিল কৃষি বাংকে। তাদের এমন ছয় লাখ ৬১ হাজার ৭৬৩ ঋণ গ্রহণকারীর মোট কৃষিঋণ ৬২৫ কোটি ৪০ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। তাদের মওকুফ সুবিধা পেতে যাওয়া গ্রাহকের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৯৩২ এবং ঋণের পরিমাণ ৪১৩ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে থাকা বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক লাখ ৪৯ হাজার ৫৬৪ গ্রাহকের মওকুফ হতে যাওয়া ঋণের পরিমাণ ১৪৮ কোটি ৭৯ লাখ ২৬ হাজার টাকা।
সমকাল
সমকালের প্রধান শিরোনাম ‘গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বাড়ছে।’ প্রতিবেদনে বলা হয়, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সঙ্গে যুক্ত উপকরণের ছিদ্র বা লিকেজ থেকে সারাদেশে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে মৃত্যু, দগ্ধ এবং ক্ষতির পরিমাণ বাড়ছে। এছাড়া, পাইপলাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে।
২০২৫ সালে সিলিন্ডার ও সিলিন্ডারের সঙ্গে যুক্ত উপকরণের লিকেজ থেকে এক হাজার ৪১টি দুর্ঘটনা ঘটেছে। এর আগের বছর ঘটেছে ৭৪৮টি। অর্থাৎ, আগের বছরের তুলনায় পঁচিশে ২৯৩টি দুর্ঘটনা বেশি হয়েছে।
দগ্ধদের বেশিরভাগের ভাষ্য, তারা ঘরে গ্যাস লিকেজ টের পাননি। চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মুহূর্তের মধ্যে শরীরে আগুন ধরে গেছে।
দুর্ঘটনায় প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি বাড়লেও সিলিন্ডার আমদানি, বাজারজাত ও নিরাপত্তা-মান পরীক্ষার বিষয়ে সরকারের তিন তদারক সংস্থা নির্বিকার।
গ্রাহকদের সচেতনতার ঘাটতির পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বিকার ভূমিকার কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
