আফগানিস্তানের নতুন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রহমত শাহ

আফগানিস্তানের নতুন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রহমত শাহ

ফন্ট সাইজ:

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন রহমত শাহ। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বের কথা ঘোষণা করে।

দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালনের পর গত মঙ্গলবার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান হাশমতউল্লাহ শহীদি। তার অধীনেই ২০২৩ বিশ্বকাপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে আফগানিস্তান।

এক বিজ্ঞপ্তিতে শহীদির অবদানের প্রশংসা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে হাশমতউল্লাহ শহীদির মূল্যবান সেবা, নিষ্ঠা ও নেতৃত্বের গভীর প্রশংসা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইলো।’

রহমত শাহ’র অভিজ্ঞতার ওপর আস্থা রেখে এসিবি তাদের বিজ্ঞপ্তিতে আরও বলে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ এবং দলের সামগ্রিক কাঠামোর সঙ্গে দারুণভাবে পরিচিত হওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য রহমত শাহ অত্যন্ত উপযুক্ত জায়গায় আছেন।’

২০২১ সাল থেকে শহীদির ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা ৩৩ বছর বয়সী রহমত শাহ’র নেতৃত্বের অধ্যায় শুরু হবে আগামী মাসে। আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের হাল ধরবেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন