-রাজধানীসহ আফগানিস্তানের ৩ শহরে বিমান হামলা পাকিস্তানের
রাজধানী কাবুলসহ আফগানিস্তানের তিন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, পাকিস্তান রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার ছাড়াও আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে অন্তত একটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।
তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। যদিও এই তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
- মাতৃভূমি প্রতিরক্ষায় কোনো আপস নয়: শেহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশের বাহিনীগুলো যেকোনো আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। এক্সে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টে দেয়া পোস্ট থেকে এমনটা জানা গেছে। এ খবর দিয়েছে বিবিসি। শেহবাজ শরিফ আরও বলেন, ‘প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না। যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে।
- আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে এক্সে পোস্ট দিয়েছেন।
শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে তিনি পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং ৯টি দখল করা হয়েছে। এই অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং অস্ত্রধারী সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে।
গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর দেয় ইসলামাবাদ। এর পরপর কাবুল–কান্দাহারে হামলা চালাল পাকিস্তান। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন।
যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।

Jahangir Alam
৩ মাস আগেএটা সত্যিই খুবই কষ্টের,মুসলিম দেশের মধ্যে যুদ্ধ দেখা।আল্লাহ,আপনি পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপন করে দেন।