‘খুব শিগগিরই’ ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালানোর হুমকি ট্রাম্পের

‘খুব শিগগিরই’ ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালানোর হুমকি ট্রাম্পের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের টার্গেট ইরানের পিকঅ্যাক্স পাহাড়। সেখানে অত্যন্ত সুরক্ষিত স্থাপনা আছে। এর মাটির খুব গভীরে দুটি টানেল কমপ্লেক্স। ধারণা করা হচ্ছে, ইরান তার পারমাণবিক কার্যক্রম, পারমাণবিক সরঞ্জাম সেখানে সরিয়ে নিয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত স্থাপনা। বিশেষজ্ঞদের মতে, এগুলো এত গভীরে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা কঠিন। স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যদি নতুন কোনো স্থানে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালাবে। তিনি বলেন, আমরা এখনই সরে যাচ্ছি না। ইরানের ওপর আমাদের বড় ধরনের প্রভাব পড়ছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প বলেন, তারা (ইরান) যে নতুন স্থানে পারমাণবিক কার্যক্রম শুরু করতে চায় বলে আমরা জেনেছি, সেখানে অবশ্যই হামলা চালানো হবে। তারা যেখানে পারমাণবিক কর্মসূচির কথা ভাববে, সেখানেই আমরা অত্যন্ত শক্তিশালী হামলা চালাব। আমরা তাদের কী পরিমাণ ক্ষতি করেছি, তা ইরানিরা ছাড়া আর কেউ জানে না। 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সামরিক সক্ষমতা এমনভাবে দুর্বল করছে, যা আগে কেউ সম্ভব বলে ভাবেনি। তবে তিনি স্বীকার করেন, ইরান জর্ডানে একটি হামলা চালাতে সক্ষম হয়েছে। 

হুতিদের অবরোধের হুমকিতেও সতর্কবার্তা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরে নৌ অবরোধ আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, এমন কিছু হলে আমরা তার মোকাবিলা করব। এর আগেও আমরা হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অনেক দিন ধরে তাদের কাছ থেকে কোনো সমস্যা হয়নি। তবে যদি এমন কিছু ঘটে, তাহলে আমাদের কাজ করতে হবে। 

বুশেহরে বিস্ফোরণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অক্ষত
আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর শহরে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। তবে এ পর্যন্ত ওই স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক স্থাপনা হামলার শিকার হয়। এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে, দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে। 

তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়
তেহরানের উত্তর-পশ্চিমসহ পূর্ব ও উত্তর-পূর্ব অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানীর আকাশে মাইক্রো ড্রোন বা সম্ভাব্য শত্রু হুমকি শনাক্ত হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এ পর্যন্ত তেহরানে কোনো হামলা বা হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়নি। 

দেশের বিভিন্ন এলাকায় হামলা
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর নেই। এছাড়া হামাদান প্রদেশের কাবুদারাহাঙ্গ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী কোনারাক ও চাবাহারেও বিমান হামলার খবর পাওয়া গেছে। 

ইরবিল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ
ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শহর ও এর আকাশসীমাকে লক্ষ্য করে হামলার কারণে সব ধরনের আগমন ও প্রস্থান ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাহরাইনে আবারও সাইরেন
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে আবারও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। 

‘কামিকাজে’ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের আকাশে একটি একমুখী হামলাকারী (কামিকাজে) ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে গুলি করে ধ্বংস করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন