নিউ ইয়র্কের ব্যস্ততা শেষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ২২ থেকে ২৪শে জুলাই পর্যন্ত অবস্থান করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ৩৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সংশ্লিষ্ট আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
কূটনৈতিক সূত্র জানায়, ম্যানিলায় অবস্থানকালে রাশিয়া, চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় (সাইডলাইন) বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ম্যানিলায় পৌঁছেছেন। তিনিও এআরএফ’র বিভিন্ন অধিবেশন এবং নির্ধারিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে অংশ নেবেন। এর আগে গত ১০ই জুলাই নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। জুন মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সেখান থেকে দেশে ফিরে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তিন দেশের লম্বা সফরের জন্য ঢাকা ছাড়েন খলিলুর রহমান। ম্যালিনায় যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রীকে নিউ ইয়র্কে ৮১তম অধিবেশনের প্রস্তুতিমূলক নানা কার্যক্রমে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। প্রস্তুতি-সংক্রান্ত কর্মসূচি শেষ করেই ম্যানিলায় পৌঁছেছেন তিনি। সফরের পরবর্তী গন্তব্য মালদ্বীপ। সেখানে দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচিতেও যোগ দেবেন। তিন দেশের ব্যস্ততা শেষে আগামী ২৭শে জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
