প্রখ্যাত কবি, অধ্যাপক, সাংবাদিক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি এষা হাসান। আলোচনায় বক্তব্য রাখেন আনোয়ারা হোসেন, লেখক ও গবেষক শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, হাসান আমিন সালাহউদ্দিন, কবি মজিদ মাহমুদ, মোহাম্মদ শাহনেওয়াজ, অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান এবং অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আতা সরকার।
বক্তারা তাদের বক্তব্যে কবি হাসান হাফিজুর রহমানের সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা ও মুক্তিযুদ্ধভিত্তিক অবদানের গভীর মূল্যায়ন করেন। তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান জাতীয় জীবনে অনন্য। বক্তারা কবির স্মৃতিকে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ এবং রাষ্ট্রীয়ভাবে তার জন্মবার্ষিকী ও স্মরণানুষ্ঠান নিয়মিত আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন কবি মীর আনিসুল হাসান, বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান, বাচিক শিল্পী মমতাজ আলম এবং আরিফ হোসেন সরকার।
তাদের পরিবেশনায় কবি হাসান হাফিজুর রহমানের কবিতার আবহে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি- পেশার বিশিষ্টজনের উপস্থিতিতে কবি হাসান হাফিজুর রহমানের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তির নানা দিক তুলে ধরা হয়। তার আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে স্মরণসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
