দ্বিতীয়বার বিশ্বজয়ী স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই ফাইনালের মীমাংসা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ফেরান তোরেসের নাম। আর এরপর থেকেই ফুটবল বিশ্বে আলোচনা চলছে গোলের নায়ক ফেরান তোরেসকে নিয়ে। বার্সেলোনা তারকা খুব তাড়াতাড়িই স্পেনের জাতীয় নায়ক হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু ফুটবলপ্রেমীদের অনেকেই জানেন না, এই ফেরান তোরেস প্রচারের আলোয় এসেছিলেন ভারত থেকেই। কলকাতা থেকেই শুরু হয়েছিল ফেরানের স্বপ্নের উড়ান।
২৬ বছর বয়সী তোরেস বর্তমানে খেলেন বার্সেলোনায়। তবে তার ফুটবলে হাতেখড়ি ভ্যালেন্সিয়া থেকে। ছোটবেলা থেকে ভ্যালেন্সিয়ার একাডেমিতে খেলতেন। সেখান থেকে বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ করে নেন। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেও তিনি জায়গা পান স্পেনের জাতীয় দলে। বিশ্বকাপ খেলতে চলে এসেছিলেন ভারতের মাটিতে। তার জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনালটি তিনি খেলেছিলেন কলকাতায়। ২০১৭ বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালো হয়নি স্প্যানিশদের। ২-১ গোলে হারতে হয়েছিল ব্রাজিলের বিরুদ্ধে। কিন্তু কামব্যাক কীভাবে করতে হয় সেটা অনূর্ধ্ব ১৭ দলে থেকেই শিখে নিয়েছিলেন তোরেস। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ জেতে স্পেন।
নকআউটেও পরপর জিতে ফাইনালে উঠে যান ফেরান তোরেসরা। ততদিনে বিশ্বকাপে দুটো গোল করে ফেলেছেন তিনি, রয়েছে জোড়া অ্যাসিস্টও। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে নিয়েই কলকাতায় পা রেখেছিলেন তোরেস। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়েও গিয়েছিল স্পেন। কিন্তু শেষ পর্যন্ত ৫-২ গোলে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন তোরেসরা। ২০১৭ সালের অক্টোবরের এক বিকালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকেই শুরু হয়েছিল ফেরানের বিশ্বকাপ জয়ের স্বপ্নের নায়ক হওয়া।
