আর্জেন্টিনার তিন প্রিমিয়ার লিগ তারকার বৃটিশ ভিসা বাতিলের দাবি

আর্জেন্টিনার তিন প্রিমিয়ার লিগ তারকার বৃটিশ ভিসা বাতিলের দাবি

ফন্ট সাইজ:

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) ইস্যুতে ব্যানার প্রদর্শনের জেরে আর্জেন্টিনার তিন প্রিমিয়ার লিগ ফুটবলার লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও এনজো ফার্নান্দেজের বৃটিশ ভিসা বাতিলের দাবি উঠেছে। এ ঘটনাকে ঘিরে বৃটেনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন, খেলাধুলার মঞ্চে রাজনৈতিক বার্তা তুলে ধরে আর্জেন্টিনা ফিফার নীতিমালা লঙ্ঘন করেছে। তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ফিফা জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক শাস্তির ঘোষণা দেয়া হয়নি। ফিফা আর্জেন্টিনাকে শাস্তি না দিলেও, এই বিতর্কের প্রভাব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তিন আর্জেন্টাইন ফুটবলারের ওপর পড়তে পারে বলে আলোচনা চলছে। এক্সপ্রেস ইউকে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন, এই ঘটনার কারণে ওই তিন ফুটবলারের বৃটেনে কর্মভিসা বাতিল করা সম্ভব কি না। ভিসা বাতিল হলে তারা ২০২৬-২৭ মৌসুমে নিজ নিজ ক্লাবে ফিরতে পারবেন না। বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সহকারী ছিলেন নাইল গার্ডিনার। তিনি ১৯৮২ সালে ফকল্যান্ডস যুদ্ধের সময় বৃটিশ সরকারের সঙ্গে কাজ করেছিলেন।

নাইল গার্ডিনার বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যেসব আর্জেন্টাইন ফুটবলার এই কদর্য বৃটেনবিরোধী প্রদর্শনে অংশ নিয়েছেন, তাদের সবার বৃটিশ কর্মভিসা বাতিল করা উচিত। এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া উচিত নয়।
বৃটেনের অনেক সমর্থকও ক্ষোভ প্রকাশ করেছেন। একজন সমর্থক বলেন, আমি একেবারেই সিরিয়াস। ব্যানার সম্পর্কে জানত এমন প্রতিটি আর্জেন্টাইন খেলোয়াড়ের ভিসা বাতিল করা উচিত, যতক্ষণ না তারা পূর্ণাঙ্গভাবে ক্ষমা চায়। বর্তমানে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকা তিনজন খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। তারা হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর তাদের হাতে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার দেখা যায়। এর বাংলা অর্থ, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

তবে বৃটিশ একজন অভিবাসন আইন বিশেষজ্ঞ মনে করেন, শুধু বিশ্বকাপে ওই ব্যানার প্রদর্শনের কারণে তাদের ভিসা বাতিল করা আইনি দিক থেকে অত্যন্ত কঠিন হবে। তিনি বলেন, শুধু ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের কারণে কোনো প্রিমিয়ার লিগ খেলোয়াড়ের ভিসা বাতিলের যথেষ্ট আইনি ভিত্তি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন