শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৩৫) ও উষা (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রুবেল হোসেন নামে আরেক যুবক। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি শামিনুল হক। নিহত নাহিদ যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে ও উষা বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টার দিকে তিন যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা। গুরুতর রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের মর্গে পাঠান। শার্শা থানার ওসি শামিনুল হক জানান, স্থানীয় জনতা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন