রাতে নিখোঁজ, ভোরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। গভীর রাত পর্যন্ত নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি বাজারে ফুটবল ফাইনাল খেলা দেখছেন। পরদিন সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় এক বাসিন্দা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন।

পরে খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হামিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ ছাড়া, তিনি চোখেও বেশ কম দেখতেন। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে রাতে বৃষ্টি ও অন্ধকার থাকায় তিনি পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন