হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

ফন্ট সাইজ:

হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

এরমধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ শিশু ছাড়পত্র পেয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন