চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাজিয়া রোলিং মিলের পাশের সোহেল ট্রান্সপোর্টে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম। পুলিশ জানায়, অভিযানের সময় জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যায়।
গত মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, করিম, সোহেল ও রমজান আলীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই স্থানে জুয়ার আসর পরিচালিত হয়ে আসছিল। এর প্রায় দুই মাস আগেও একই স্থানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। অভিযান শেষে অবৈধ জুয়ার আস্তানায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শীতলপুর চৌধুরীঘাটার আব্দুল মালেকের ছেলে মো. রবিউল, সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকার হিমাংশু চন্দ্র দাসের ছেলে চন্দ্র দাস (৩১), মাদামবিবিরহাট এলাকার শেখ আম্মাদের ছেলে মো. জানে আলম (৩৩), পৌরসভার আমিরাবাদের সাবের আহমেদের ছেলে মো. রুবেল (৩০), দক্ষিণ মহাদেবপুরের নুরুল হকের ছেলে মো. জাফর (৪৫), কদম রসুল এলাকার ফরিদের ছেলে বেলাল (৩৫), দোয়াজিপাড়ার নুরুল আলমের ছেলে আলাউদ্দিন (৪২), গুঁড়ামারা এলাকার আয়ুব আলীর ছেলে মো. রবিউল ইসলাম (৬০) এবং আবু তাহেরের ছেলে আজম (৩৩)।
এ ছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।
