বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বারণ করায় মরিয়ম বেগম (২২) নামের স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে পালিয়েছে পাষণ্ড স্বামী জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম বসতঘরে ৫ মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।
সূত্র জানায়, বিগত ২ বছর পূর্বে চট্টগ্রামের মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে সংসার পাতে তারা।
এলাকাবাসী জানায়, মরিয়মের আত্মীয়-স্বজন না থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ঘরে ৫ মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারণ করে মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মরিয়মের হাত-পা ভেঙে পালিয়ে যায়। জহিরুল ব্রম্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, জহিরুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদকসেবী। সোমবার ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কামাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিন সাবু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আহত মরিয়মকে দেখতে যান এবং সৃষ্ট ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
