বার্নহ্যামের ম্যান্ডেট নেই, অবিলম্বে নির্বাচন চান ফারাজ

বার্নহ্যামের ম্যান্ডেট নেই, অবিলম্বে নির্বাচন চান ফারাজ

ফন্ট সাইজ:

লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যামের দেশের নেতৃত্ব দেয়ার কোনো ম্যান্ডেট (গণরায়) নেই বলে দাবি করেছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। তিনি অবিলম্বে বৃটেনে একটি সাধারণ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, রিফর্ম ইউকে ক্ষমতায় আসতে না পারলে আগামী এক দশকের মধ্যে বৃটেন কার্যত তৃতীয় বিশ্বের একটি দেশে পরিণত হতে পারে।

লন্ডনে অনুষ্ঠিত সিপ্যাক জিবি সম্মেলনে দেয়া বক্তব্যে ফারাজ বলেন, বার্নহ্যাম দেশের রাজনীতিতে গত ৪০ বছরের সবচেয়ে বড় পরিবর্তনের কথা বলছেন। অথচ মেকারফিল্ডের প্রায় ২৫ হাজার ভোটার ছাড়া এমন পরিবর্তনের জন্য তার কোনো গণরায় নেই।
সোমবার (২০ জুলাই) লেবার পার্টির নেতা বার্নহ্যাম বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ফারাজের দাবি, তার নেতৃত্বে দেশের অবস্থার কোনো উন্নতি হবে না। আমরা আগের নীতিরই ধারাবাহিকতা দেখব, বরং সরকার আরও বামপন্থী অবস্থান নেবে, বলেন তিনি।

করনীতি প্রসঙ্গে ফারাজ অভিযোগ করেন, বার্নহ্যাম আয়কর, জাতীয় বীমা ও ভ্যাট না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কর বৃদ্ধি করা হবে। তার ভাষায়, সম্পত্তি কর বাড়ানো হলে বিশেষ করে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের আবাসন বাজার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি সর্বোচ্চ করহারও বাড়ানো হতে পারে।
এ ছাড়া অভিবাসন নীতির সমালোচনা করে ফারাজ বলেন, বার্নহ্যাম কখনোই অভিবাসন সংকট নিয়ে কার্যকর উদ্বেগ দেখাননি। তিনি বৃটেনকে ইউরোপীয় মানবাধিকার সনদ (ইসিএইচআর) থেকে বের করে সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন- এমন সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন।

ফারাজ বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ জনগণের হাতে ফিরিয়ে দিতে অবিলম্বে একটি সাধারণ নির্বাচন প্রয়োজন। তিনি দাবি করেন, রিফর্ম ইউকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত এবং গত বছর দলটি দেশের অন্য যেকোনো রাজনৈতিক দলের তুলনায় বেশি অর্থ সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সামনে একটি ঐতিহাসিক রাজনৈতিক অঘটন ঘটতে পারে। বৃটিশ জনগণ দুর্বল, সাহসহীন ও সিদ্ধান্তহীন নেতৃত্বে ক্লান্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন