পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬

ফন্ট সাইজ:

পেরুর আন্দিজ অঞ্চলে আঘাত হানা ৫.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির কারণে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৩০০ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল হুয়াঙ্কায়ো প্রদেশের সিকায়া শহর থেকে ২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং ভূগর্ভস্থ গভীরতা ছিল ১০ কিলোমিটার। পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইন্সটিটিউট জানিয়েছে, দুর্ঘটনায় নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

ভূমিকম্পে বহু ঘরবাড়ি পুরোপুরি ধসে পড়েছে এবং বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে স্থানীয় একটি গির্জা ও কনভেন্ট রয়েছে। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়ের প্রধান লুইস ভাসকেজ জানান, পার্বত্য ওই আন্দিয়ান এলাকায় কাঁচা মাটির তৈরি ঘরবাড়ির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে গৃহপালিত পশুপাখিও চাপা পড়েছে। হুয়ায়ুকাচি জেলায় আশ্রয় নিতে আসা হার্মেনেগিল্ডা গুয়ামালাতো নামে এক নারী আকুতি জানিয়ে স্থানীয় একটি রেডিওকে বলেন, তার নিজের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং তিনি তিন সন্তানকে নিয়ে কোথাও আশ্রয়ের জায়গা খুঁজছেন। উল্লেখ্য, পেরু মহাসাগরীয় রিং অব ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৭ সালে দেশটির পিসকো প্রদেশে ৭.৯ মাত্রার একটি প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন