যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন। বিষয়টি অনেকের কাছেই পরিচিত। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সেই প্রবণতারই একটি দৃশ্য দেখা গেল। স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার পরও ট্রাম্প মঞ্চ ছেড়ে দ্রুত সরে যাননি। বরং যখন স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি কিছুটা সময় ক্যামেরার ফ্রেমেই দাঁড়িয়ে ছিলেন। প্রথমে রদ্রি ইশারায় ট্রাম্পকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই এগিয়ে এসে ট্রাম্পের হাত ধরে তাকে মঞ্চের এক পাশে নিয়ে যান। ঘটনাটি অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে। এমন ধারণা তৈরি হয় যে, ট্রাম্প স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের উদ্যাপনের অংশ হতে চেয়েছিলেন।
রদ্রিকে ট্রাম্পের উপস্থিতিতে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়। তিনি কয়েকবার ইঙ্গিত দিয়ে ট্রাম্পকে জায়গা ছেড়ে দিতে বলেন। তবে ট্রাম্প বেশ কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকায় স্পেন দলের আনুষ্ঠানিক উদ্যাপন শুরু হতে বিলম্ব হয়। পরে ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চের এক কোণে নিয়ে গেলেও তিনি শেষ স্প্যানিশ খেলোয়াড়ের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকেন এবং পুরোপুরি সরে যাননি। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রোমেরোর সঙ্গে করমর্দনও হলো না
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং ডনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো করমর্দন হয়নি। বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মাঠে নামতেই দুয়োধ্বনি
স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে প্রবেশ করলে ডনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দর্শকদের একাংশের জোরালো দুয়োধ্বনির মুখে পড়তে হয়। এর আগে ম্যাচ চলাকালে ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন। নিউইয়র্কের বাইরে অবস্থিত স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শক এবং অসংখ্য তারকার উপস্থিতিতে স্পেন ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।
