সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে ইলিয়াছ খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ খান ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে ও দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানায়, রোববার বিকালে মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের এক কিশোরের সঙ্গে ইলিয়াছের তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির জেরে রাতে ওই কিশোর তার বাবা রাসেলকে নিয়ে মুরুব্বিদের কাছে বিচার চায়। পরে মুরুব্বিরা বিচার দেবে বলে আশ্বাস দেন। কিন্তু রাত সাড়ে ১০ টার দিকে ওই কিশোর ও তার বাবা কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় পৌঁছালে ইলিয়াছের সঙ্গে তাদের দেখা হয়। এরপর আবারও দুজনের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই কিশোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ইলিয়াছের শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান তিনি।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, ‘হত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাতে প্রাথমিকভাবে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। আর সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Abu Moksud khan
১৬ ঘন্টা আগেমব এদেশের গতানুগতিক ধারার অংশ। এখানে মানবাধিকার সুদূর পরাহত। হায় অভাগা জনগণ।