চতুর্থ সন্তানের পিতা হলেন জেডি ভ্যান্স

চতুর্থ সন্তানের পিতা হলেন জেডি ভ্যান্স

ফন্ট সাইজ:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স তাদের চতুর্থ সন্তানর জন্মের ঘোষণা দিয়েছেন। তাদের ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ভ্যান্স জানান, রোববার সকালে তাদের ছেলে অ্যালেক নিল ভ্যান্স জন্মগ্রহণ করেছে। তিনি লিখেছেন, উষা (তার স্ত্রী) এবং আমাদের নবজাতক দু’জনই সুস্থ ও ভালো আছে। আমাদের অন্য সন্তানরাও তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত। এছাড়া তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

বার্তা সংস্থা এপি’র তথ্য অনুযায়ী, গত দেড় শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে সন্তান জন্ম নিল। জেডি ও উষা ভ্যান্স দম্পতির আরও তিন সন্তান রয়েছে। তারা হলেন ইওয়ান (৯), বিবেক (৬) এবং মিরাবেল (৪)। উষা ভ্যান্স (পূর্বনাম উষা চিলুকুরি) ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর শ্রমজীবী এলাকায় বেড়ে ওঠেন। তার পিতা একজন যন্ত্রপ্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) এবং মা একজন মলিকিউলার জীববিজ্ঞানী। তাদের পরিবার ভারতের অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিল। 

২০১০ সালে ইয়েল ল’ স্কুলে পড়ার সময় জেডি ভ্যান্স ও উষার পরিচয় হয়। তারা তখন ‘শ্বেতাঙ্গ আমেরিকায় সামাজিক অবক্ষয়’ বিষয়ক একটি আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন