সুপার এইট থেকে বাদ পড়ে যা বললেন শানাকা

সুপার এইট থেকে বাদ পড়ে যা বললেন শানাকা

ফন্ট সাইজ:

স্বপ্ন ছিল ঘরের মাঠে ট্রফি উঁচিয়ে ধরার। শুরুটাও হয়েছিল দুর্দান্ত; টানা তিন জয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে সময় লাগলো না শ্রীলঙ্কার। সুপার এইট পর্বে টানা তিন ম্যাচ হেরে প্রথম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো সহ-আয়োজক দেশটি। বুধবার রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বিশাল পরাজয়ে লঙ্কানদের বিদায় নিশ্চিত হয়। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন দলীয় অধিনায়ক মিচেল স্যান্টনার। জবাব দিতে নেমে ১০৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন কিউই অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক দাসুন শানাকার কণ্ঠে ঝরলো একাধারে ক্ষমা প্রার্থনা, উইকেট নিয়ে ক্ষোভ আর দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের প্রতি তীব্র হতাশা। উইকেটের আচরণ নিয়ে প্রশ্ন তুলে শানাকা বলেন, ‘লক্ষ্যটা খুব বড় ছিল না, কিন্তু পিচ যেভাবে আচরণ করেছে তা অভাবনীয়। নিউজিল্যান্ড ২০ ওভারের মধ্যে ১৭ ওভারই স্পিনার দিয়ে করিয়েছে, যা আমাদের জন্য খেলা কঠিন করে তুলেছিল।’

ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে পুরো দলকে। শানাকা বলেন, ‘সবাই চেয়েছিল সেমিফাইনালে খেলতে। কিন্তু আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। ভক্তদের যা দিতে চেয়েছিলাম, তা দিতে পারিনি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমার মনে হয় না এই দলের কেউ শ্রীলঙ্কার মাটিতে আর কোনো বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।’

ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচকতা নিয়ে সমালোচনা করেন শানাকা। তিনি বলেন, ‘বাইরে প্রচুর নেতিবাচকতা ছড়িয়ে আছে। আমরা ক্রিকেটাররা ইতিবাচক থাকার চেষ্টা করলেও চারপাশের এই নেতিবাচক পরিবেশ শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় ক্ষতি। স্টেডিয়ামের বাইরে মাইক হাতে দাঁড়িয়ে অনেকে ম্যাচ না দেখেই যা খুশি বলে দিচ্ছেন।’ ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে সরকারের হস্তক্ষেপও কামনা করেন তিনি। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা তো খেলে চলে যাব, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তাদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে সরকারের উচিত এই লাগামহীন নেতিবাচকতা বন্ধ করা। সমালোচনা হোক গঠনমূলক, এভাবে বিষোদগার করে খেলাটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন