শুরুর আগেই ৪৮ দলের রেকর্ড অংশগ্রহণ দিয়ে ইতিহাস গড়েছিল এবারের বিশ্বকাপ। এরপর টুর্নামেন্ট জুড়ে একের পর এক রেকর্ড ভেঙেছেন খেলোয়াড় ও দলগুলো। মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা যেমন গড়েছেন ব্যক্তিগত মাইলফলক, তেমনি কেপ ভার্দের মতো ছোট দেশও লিখেছে নিজেদের ইতিহাস। ফিফার তথ্যমতে, দর্শক উপস্থিতিতেও এবার ভেঙেছে আগের সব রেকর্ড। ৬০ লাখেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে। চলুন দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে ভাঙা উল্লেখযোগ্য রেকর্ডগুলো-
হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মেসি
১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে ৩৮ বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন লিওনেল মেসি। এটি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও।
ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় রোনালদো
২০০৬ সালে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ২৩শে জুনের ম্যাচে টুর্নামেন্টের প্রথম গোল করে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ
৭৮ বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েন কুরাসাওয়ের কোচ ডিক আডভোকাট। তিনি ছোট্ট এই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রকে তাদের প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দেন। জার্মানির বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে আবেগে কেঁদে ফেলেন তিনি।
গ্রুপ পর্ব পেরোনো সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে
মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশের রেকর্ড গড়ে। ৩রা জুলাই আর্জেন্টিনার কাছে হেরে তাদের যাত্রা শেষ হয়।
সব মিলিয়ে সর্বোচ্চ গোল
এবারের বিশ্বকাপে হয়েছে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক গোল। ফাইনালের আগ পর্যন্ত ৩০৫ গোল হয়েছে। এর আগে নকআউট পর্ব শুরুর আগেই ২০২২ বিশ্বকাপে গড়া ১৭২ গোলের আগের রেকর্ড ভেঙে যায়।
দর্শক উপস্থিতিতেও রেকর্ড
মাঠে সমর্থকদের ঢল নেমেছিল রেকর্ড সংখ্যক। ১৯৯৪ সালে গড়া ৩৫ লাখ ৮৭ হাজার ৫৩৮ দর্শকের আগের রেকর্ড ভেঙে যায় ২৫শে জুন। আর ফিফার তথ্যমতে মোট দর্শক সংখ্যা পরবর্তীতে ছাড়িয়ে যায় ৬০ লাখ।
